ঢাকা
logo
প্রকাশিত : January 4, 2025

এক যুগ পর ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবেন। প্রস্তাবিত শিডিউল ঠিক থাকলে এক যুগের মধ্যে এটাই হচ্ছে দেশটির কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। ২০১২ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানাতে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার ঢাকা সফর করেছিলেন। ইসলামাবাদে অনুষ্ঠিত সেই সম্মেলনে প্রধানমন্ত্রী তো নয়ই, কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিও পাঠায়নি বাংলাদেশ। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্র বলছে, মিশরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক হয়। জলবায়ু সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত সেই শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তার ধারাবাহিকতায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন। সফরকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা করবেন তিনি। সেইসঙ্গে প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে তার সম্ভাব্য ঢাকা সফর বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রতিষ্ঠিত মিডিয়া দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রনীতির গুরত্বপূর্ণ নানা দিক, সরকারের কূটনৈতিক সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ তুলে ধরতে বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন ডাকেন ইসহাক দার। সেখানে তিনি তার বাংলাদেশ সফরের বিষয়টি প্রকাশ করেন। ট্রিবিউনের রিপোর্ট মতে, সম্মেলনে ইসহাক দার বলেন, আমার সফরের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তান সফর করবেন। আমাদের উভয়ের আলোচনা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ঠিক হওয়া কোনো তারিখে তিনি ইসলামাবাদ ভ্রমণ করবেন। এরমধ্যে তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে বলা হয়, শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপড়েনের মধ্য দিয়েই গেছে। আওয়ামী লীগ নেত্রীর ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং তিনি এটি রক্ষা করে চলেছেন। যার কারণে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের একাধিক প্রচেষ্টায় সাড়া দেয়নি বাংলাদেশ। পাকিস্তানি গণমাধ্যমের রিপোর্ট মতে, গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নতি ঘটেছে। দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক এবং মতবিনিময় হয়েছে। পাকিস্তানি পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। সমুদ্রপথে এরইমধ্যে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে। বাংলাদেশকে ‘ব্রাদারলি কান্ট্রি’ বা ভ্রাতৃসম দেশ বলে বৃহস্পতিবার অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেইসঙ্গে জানান, ঢাকাকে সব ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে তার দেশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram