

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজবাড়ীতে টানা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার শীতকালীন সবজি, পেঁয়াজের বীজতলা ও ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর ও অন্য ৪ উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে রাজবাড়ীতে গত রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনভর বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিশেষ করে দিন আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
অন্যদিকে বৃষ্টির কারণে শহরে মানুষের চলাচল কমে যাওয়ায় যাত্রী সংকটে পড়েছেন ভ্যান ও রিকশাচালকেরা। বৃষ্টির পাশাপাশি অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।
বৃষ্টির পানি জমে থাকায় ফসল রক্ষায় জমির মাঝখানে ছোট ছোট নালা তৈরি করে পানি সরানোর চেষ্টা করছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ীতে চলতি মৌসুমে ৪০ হাজার ৯৩২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। জেলার পাঁচ উপজেলার কৃষকেরা বাকি ৩৫ হাজার ৯৩২ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে বীজতলা তৈরি করেছেন তারা। এছাড়া জেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হচ্ছে।
শুক্রবার দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, অপেক্ষাকৃত উঁচু জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। অধিকাংশ বীজতলায় বীজ থেকে চারা গজিয়েছে। তবে টানা বৃষ্টিতে ছোট ছোট চারাগুলো পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষক রুবেল শেখ বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়। উপজেলার প্রায় ৮০ শতাংশ কৃষক মাঠে বীজতলা তৈরি করেছেন। বীজ থেকে চারা গজিয়েছে। অধিকাংশ চারার বয়স ১৫ থেকে ২০ দিন। টানা দুই দিনের বৃষ্টিতে সবার বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এমন বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকলে ৯০ শতাংশ কৃষকের চারা নষ্ট হয়ে যেতে পারে।
নটাপাড়া গ্রামের কৃষক অমৃত বৈরাগী বলেন, নিম্নচাপের প্রভাবে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজবাড়ীতে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকলে ফুলকপিতে পচন ধরবে। এ ছাড়া অনেক জমির ধান, পেঁয়াজের বীজতলা ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যাবে। এ সময়ের বৃষ্টিপাত কৃষকদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
রাজবাড়ী সদর উপজেলার কৃষক আসুতোষ মন্ডল বলেন, সারা বছর পেঁয়াজের দাম কম থাকায় গত বছর উৎপাদন খরচও ওঠেনি। এবার ধারদেনা করে পেঁয়াজের বীজ কিনে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু বৃষ্টিতে তার বীজতলার সব চারা নষ্ট হয়ে গেছে। তার দাবি, এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার প্রায় ৬০ শতাংশ কৃষক। বৃষ্টিতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী চার দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুই দিন আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে কৃষিতে ক্ষতি হতে পারে। বিষয়টি কৃষি বিভাগ পর্যবেক্ষণ করছে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে মাঠে হালি পেঁয়াজের বীজতলা ও সদ্য কাটা আমন ধান পানি নিচে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলায় কমপক্ষে ৩/৪ হেক্টর জসির পেঁয়াজের বীজতলা পানিতে তলিয়ে গেছে। যা পচে যাবে।
শুক্রবার (২০ নভেম্বর) সরেজমিনে রাজবাড়ী শহর ঘুরে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। শুক্রবার মানুষের নানা প্রয়োজনেই বাইরে বের হতে হয়। তবে গত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় শহরে মানুষের আনাগোনা তুলনামূলক কম। ফলে অনেকটা ফাঁকা দেখা গেছে শহরের সড়কগুলো।
সকালে বিভিন্ন গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে এসে কাজ না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে অনেক শ্রমিককে। অন্যদিকে যাত্রী না পেয়ে শহরের বিভিন্ন স্থানে ভ্যান ও রিকশাচালকদের অলস সময় কাটাতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের অনেককেই ছাতা মাথায় চলাচল করতে দেখা যায়। বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের।
শহরে আসা পথচারীরা বলেন, রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বাইরে চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে। পাশাপাশি শীতও অনুভূত হচ্ছে। মনে হচ্ছে, বৃষ্টি থামলে শীত পুরোদমে জেঁকে বসবে। বৃষ্টির কারণে সব শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগের শেষ নেই।
কথা হয় ভ্যান ও রিকশাচালকদের সাথে। তারা বলেন, শুক্রবার সাধারণত মানুষ বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হন। এ দিন যাত্রী বেশি পাওয়া যায় এবং ভাড়াও তুলনামূলক ভালো হয়। কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় বাজারে মানুষের আনাগোনা কম। ফলে যাত্রী পাওয়া যাচ্ছে না। সকাল থেকে তেমন কোনো যাত্রী না পাওয়ায় অলস সময় কাটাতে হচ্ছে। এতে আয়-রোজগার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা।
