

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে মেয়েকে সঙ্গে নিয়ে জুতা কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় সুরুজামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজামান মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় স্থানীয় মুজিব মার্কেট থেকে ছোট মেয়েকে নিয়ে জুতা কিনে বাড়ি ফিরছিলেন সুরুজামান। পথে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
