ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2026

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এর মধ্যে ৬৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের মাধ্যমে মালিকপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করার সুযোগ পাচ্ছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।

সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাদের কেউ কেউ আবার কারখানা পুনরায় চালু করার কথা ভাবছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

আগামী সোমবার (১৬ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক মজুরি প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। তবে প্রস্তাবিত মজুরির অঙ্ক কত হতে পারে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে শনিবার বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। তবে উৎপাদন চালানো সম্ভব না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ ধারায় কারখানা বন্ধ করতে হতে পারে।

কয়েক সপ্তাহ ধরে পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এসব বিক্ষোভের মধ্যে প্রায়ই সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনা ঘটছে। এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে।

রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কারণে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতি পালন করেন, তবে পরবর্তীতে তাদের অনেকেই কাজে ফিরেছেন।

এদিকে সাধারণ ছুটি ঘোষণার পর ‘ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড’সহ কয়েকটি কারখানার শ্রমিকরা ফটকের বাইরে জড়ো হয়ে অবস্থান নেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চল জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram