

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় সবজি, সৌখিন মাছ, গলদা-বাগদা চাষের পাশাপাশি গরু-কবুতর-কুকুর পালন করে উপজেলার বান্দা গ্রামের যুবক রাহুল বিশ্বাস এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের ও আশপাশের কয়েকটি পুকুর লিজ নিয়ে গত বছর থেকে বাড়িতে বসেই ছোট-বড় রঙ্গিন মাছ তথা সৌখিন মাছের হ্যাচারি তৈরি করে পোনা উৎপাদন ও বিক্রি করে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়ার বাসিন্দা রাহুল বিশ্বাস ভালো লাভের পাশাপাশি এলাকায় দারুণ সাড়া ফেলেছেন। পাশাপাশি পারিবারিক ১৬ বিঘা জমিতে ৯টি পুকুর তৈরি করে উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহার করে ৮টিতে শুধু পুরুষ জাতের গলদা ও ১টিতে সিপি পদ্ধতির বাগদা চাষ করছেন। ঘেরের আইলে শসা-বরবটি-লাউ-সহ বিভিন্ন সবজি তো আছেই। তাছাড়াও গরুর বাচ্চা তৈরি ও বিদেশি জাতের কুকুর পালন ও বাড়ির ছাদে বিভিন্ন জাতের কবুতরের বাচ্চা তৈরি করে বিক্রি করছেন।
রঙ্গিন মাছের হ্যাচারি স্থাপনকারী রাহুল বিশ্বাস বলেন, খুলনা কৃষি কলেজে পড়াকালেই আমি বাড়ি ফিরে এসে কৃষি কাজে হাত দেই। দীর্ঘদিন ধরে উন্নত জাতের গলদা-বাগদা চাষ করে ভালো লাভ পেয়েছি। এ্যাকুরিয়ামে সৌখিন মাছের দামের কথা শুনে ২ বছর আগে চেষ্টা শুরু করলাম। গত বছর থেকে ৩টি হাউজ, পানির পাম্প-সহ ৬টি পুকুর নিয়ে অর্ণামেন্টস ফিস বা সৌখিন মাছের এই হ্যাচারি গড়ে তুলেছি। এখানে মলি, মুন্টেল, কমেন্ট, পোলার, এ্যাঞ্জেল, গাপ্পি, গোলড ফিস, কৈ-কার্প, বাটারফ্লাই, টেট্রা-সহ ২০ প্রকার রঙ্গিন মাছের বাচ্চা উৎপাদন করে বিক্রি করি। সাধারণত খুলনার খালিশপুর ও ঢাকার কাটাবন থেকে ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যান। তাছাড়া অর্ডার পেলে আমরাও অক্সিজেন-সহ প্যাকেট করে পাঠিয়ে দিয়ে থাকি। সারা বছর ধরেই এ মাছের চাহিদা আছে। এখানে জাতভেদে প্রতি পিস ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
তিনি আরও বলেন, গত মে মাসে ৮টি ঘেরে অল-মেল গলদা রেনু ছেড়ে পরিচর্যা করছি। ১ মাস পর থেকে বিক্রি শুরু হবে। জুলাই মাসে ১টি ঘেরে বাগদার পোনাও ছেড়েছি। সেটা অক্টোবর মাসে বিক্রি করা যাবে। এই ফার্মে ৬ জন নিয়মিত কর্মচারীসহ আমি সার্বক্ষণিক পরিচর্যার কাজ করে থাকি। সব খরচ-খরচা শেষে বছরে ১৫ থেকে ২০ লাখ টাকা লাভ থাকে।
রাহুলের রঙ্গিন মাছ চাষ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলার মধ্যে গলদা-বাগদা চাষে বিশেষ পুরস্কারপ্রাপ্ত কলেজ শিক্ষক নিত্যানন্দ মন্ডল বলেন, রঙ্গিন মাছের উৎপাদন ও কেনা-বেচা করে রাহুল বিশ্বাস এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তাছাড়া গলদা-বাগদা-সবজি চাষ করেও ব্যাপক নাম করেছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জিল্লুর রহমান রিগ্যান বলেন, চিংড়ি প্রধান এলাকা বলে খ্যাত সমগ্র ডুমুরিয়া উপজেলায় বেশ কয়েকজন চাষি রঙ্গিন মাছও উৎপাদন করছে। তাদের মধ্যে বান্দার রাহুল বিশ্বাস বেশ নামের পাশাপাশি লাভও করছে। তাছাড়া তার গলদা চাষও উল্লেখযোগ্য ভাবে সফল।
