

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপরে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য।
খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
