ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2026

ফটিকছড়িতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা, আশায় বুক বাঁধছে মানুষ

মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) কিংবা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর জাতীয় সংসদে ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ফটিকছড়িতে অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সরকারের এ ইতিবাচক অবস্থানে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা।

চা-বাগান, রাবারবাগান, কৃষি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ফটিকছড়ি আয়তন ও জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ এ সংসদীয় এলাকায়। প্রায় ৭৭৪ বর্গকিলোমিটার আয়তনের এ জনপদে বসবাস করেন ১০ লক্ষাধিক মানুষ। চট্টগ্রাম বন্দরনগরীর নিকটবর্তী হওয়ায় ভৌগোলিক অবস্থানগত দিক থেকেও রয়েছে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা। অথচ দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কোনো বৃহৎ শিল্পাঞ্চল। ফলে কর্মসংস্থানের আশায় অনেক তরুণকে পাড়ি জমাতে হচ্ছে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে। এ অবস্থায় ফটিকছড়ির কৃষি, চা, রাবার ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়নের উদ্যোগ নেওয়ার দাবি নতুন করে সামনে এসেছে।

জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফটিকছড়িতে একটি রপ্তানিমুখী ইপিজেড প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি উপজেলার বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে যাচাই করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধিদল পাঠানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চা ও রাবারভিত্তিক শিল্প, হালকা প্রকৌশল এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়ন করা গেলে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, ফটিকছড়িকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বিডার কার্যকর ভূমিকা প্রয়োজন। এ জন্য সম্ভাব্য বিনিয়োগ খাত চিহ্নিত করা, তথ্যভিত্তিক বিনিয়োগ প্রোফাইল তৈরি, বিশেষ বিনিয়োগ সভা ও রোডশোর আয়োজন করা যেতে পারে। দ্রুত বিডার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ফটিকছড়ি পরিদর্শন করে সম্ভাবনা যাচাই করবে বলে তিনি প্রত্যাশা করেন। এর আগে গত ১২ আগস্ট বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ফটিকছড়িতে আধুনিক ও পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সে সময় সম্ভাবনা যাচাইয়ে কমিটি গঠন ও সার্ভে টিম পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল।

এদিকে ফটিকছড়িতে অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক অগ্রগতির কথা জানানো হয়েছে। সংসদে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, ফটিকছড়িতে অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাব ইনভেস্ট বাংলাদেশ পর্যালোচনা করছে। মন্ত্রী জানান, ফটিকছড়ির ভৌগোলিক অবস্থান ও বিনিয়োগ সম্ভাবনা বিবেচনায় প্রস্তাবটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত এলাকায় জমির প্রাপ্যতা, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা রয়েছে কি না, তা মূল্যায়ন করা হচ্ছে। এসব বিষয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, ফটিকছড়িতে পরিকল্পিত ইপিজেড বা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা গেলে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। স্থানীয়ভাবে উৎপাদিত চা, রাবার, কৃষিপণ্য ও ফলমূল প্রক্রিয়াজাত করে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিল্পকারখানা প্রতিষ্ঠিত হলে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান, নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে। শিল্পাঞ্চলকে কেন্দ্র করে পরিবহন, আবাসন, ব্যাংকিং, সরবরাহ ব্যবস্থা ও অন্যান্য সেবামূলক খাতেও নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।

ফটিকছড়িতে ইপিজেড প্রতিষ্ঠার দাবি এবং অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব পর্যালোচনার খবর স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তাদের আশা, সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করে সরকার বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করবে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে ফটিকছড়ি শুধু কৃষি ও প্রাকৃতিক সম্পদনির্ভর জনপদ হিসেবেই নয়, বরং চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বিনিয়োগকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। এতে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এখন ফটিকছড়িবাসীর প্রত্যাশা, সংসদে উত্থাপিত দাবি ও সরকারের চলমান পর্যালোচনা যেন দ্রুত বাস্তব উদ্যোগে রূপ নেয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram