

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা বেনজির আহমেদকে (২৮) কে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘী কবিপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের পুত্র। বেনজির আহমেদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
মঙ্গলবার দুপুরে তাকে উপজেলার মুসলিমপাড়া গ্রাম থেকে স্থানীয় জনগণ আটক করে কাজিপুর থানা পুলিশে হস্তান্তর করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার বেনজির আহমদকে কাজিপুর থানার ২০২৪ সালের ৩ আগস্ট দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তিনি আরও জানান, বেনজিরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
