

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি কথিত হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকাল পৌনে ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার শান্তির মোড়ে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) ইমরান হোছাইন।
পুলিশের দাবি, এক মাদক ব্যবসায়ী হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করে কুরিয়ারের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য ট্রান্সপোর্ট এজেন্সিতে বুকিং দিয়েছিলেন। তবে অভিযানের সময় ওই ব্যক্তি পালিয়ে যান। পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক ও চোরাচালান নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জেলা পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
