

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বীচ কার্নিভাল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডিসি পার্ক-সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
উৎসবকে ঘিরে সৈকত ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের সমাগমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে পর্যটকরা গোসল, খেলাধুলা, ছবি তোলা ও সমুদ্রের সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার বিকেল পর্যন্ত বীচ ফুটবলের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া লেম্বুর বনে ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রাতে তারকা শিল্পীদের কনসার্টের আয়োজন রয়েছে। শনিবারও দিনভর নানা কর্মসূচি চলবে। কার্নিভাল উপলক্ষে কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে কক্ষ সংকট দেখা দিয়েছে। পর্যটকদের অভিযোগ, কিছু হোটেলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে; খাবার ও পরিবহনের ক্ষেত্রেও দাম বাড়ানো হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা-পুলিশের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে বীচ ফুটবল, ম্যারাথন, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, সেলিব্রিটি ক্রিকেট, ফ্যাশন শো ও আতশবাজি প্রদর্শনীসহ নানা আয়োজন রাখা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ উৎসব কুয়াকাটার পর্যটনশিল্পে নতুন গতি যোগ করবে।
