

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মাদক কারবারীদের হামলায় আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার ভোর পাঁচটায় তিনি মারা যান। তিনি চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে। এ ঘটনায় পুলিশ রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, হানিফ মেয়ের বিয়ের খরচের জন্য ২০ হাজার টাকা ঘরের আলমারির মধ্যে রেখেছিলেন। তার ছেলে বখাটে মেহেরাজ স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে মিলে ওই টাকা চুরি করে নিয়ে খরচ করে ফেলেন। বিষয়টি নিয়ে নিজের ছেলেকে শাসনের পাশাপাশি স্থানীয় মাদক কারবারিদেরকে তার ছেলের সঙ্গে মিশতে নিষেধ করেন। এতে মাদক কারবারিরা ক্ষুব্ধ হন।
গত ৯ অক্টোবর বাদ জুমা দুপুর দুইটার দিকে জুমার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা মাদক কারবারি বেলায়েত হোসেন মামুন, তার সহযোগী মো. শুভ এবং রিয়াদ সহ ৪-৫জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হানিফকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
