ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

স্বপ্নপূরণে ধারাবাহিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই: নুরুল ইসলাম সাদ্দাম

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: স্বপ্ন বাস্তবায়নে ধারাবাহিকতা, শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে স্কুল ও মাদরাসার প্রায় ৫০০ মেধাবী শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভিন্ন শ্রেণিতে টপ টেন অর্জনকারী শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, সেটিই প্রকৃত স্বপ্ন।’ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানার্জন, আত্মবিশ্লেষণ ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, প্রকৃত জ্ঞান ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জীবনের সফলতা কেবল ভালো চাকরি, পদ-পদবি কিংবা সামাজিক মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নয়। অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে মানুষের কল্যাণে এবং দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগানোই হওয়া উচিত শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের বিপুল মানবসম্পদ ও মেধাবী তরুণদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, সময়ের সঠিক ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আতিয়ার রহমানসহ অন্যান্য অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি। সঞ্চালনা করেন সংগঠনটির মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদ।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা, ব্যক্তিত্ব গঠন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তারা ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram