

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর লালোয়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান।
গ্রেপ্তার রিয়াজ উদ্দিন রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের মাধ্যমে রাজুর সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। মাত্র ১৮ দিনের সম্পর্কের সূত্র ধরে রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসে বলে জানা গেছে। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মেঘলা রিসোর্টে ওঠে। এক রাত থাকার পরদিন রাজু তাকে বাসে তুলে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান বলেন, কলাতলীর একটি রিসোর্টের সামনে থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, লামা থানার সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, তাজমিনের মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
