

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আওতায় অস্ট্রেলিয়ার ইউরালা কাউন্সিল, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ, পবিপ্রবি এবং বরিশাল সিটি করপোরেশনের সমন্বয়ে প্রস্তাবিত যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা একটায় এ প্রস্তাবনা হস্তান্তর করা হয়। অস্ট্রেলীয় একটি কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার বিষয়ে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়া।
প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে থাকবেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন এবং JSPS-UGC Bilateral Joint Research Project-এর প্রজেক্ট মেম্বার ও পবিপ্রবির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব গবেষণা সহযোগী প্রতিষ্ঠান সম্মিলিতভাবে তাদের জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
