ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2026

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁকে মেটালিক আয়না স্থাপন, দুর্ঘটনা কমার আশা

মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা এড়াতে মেটালিক আয়না স্থাপন করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। প্রাথমিকভাবে মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ১০টি মেটালিক আয়না বসানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসব আয়না ব্যবহারের ফলে বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগেভাগে দেখতে পারবেন চালকেরা। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে বাস, ট্রাক, পণ্যবাহী যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। মহাসড়কের বেশ কিছু বাঁকে দৃষ্টিসীমা কম থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখা যায় না। ফলে আনিবার্য দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা বলছেন, বাঁকে দৃষ্টিসীমা সীমিত থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকদের চোখে পড়ে শেষ মুহূর্তে।
ফলে হঠাৎ ব্রেক করা, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা থাকে। মেটালিক আয়নার মাধ্যমে বাঁকে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা যানবাহনের অবস্থান দেখতে পারবেন চালকেরা। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

ট্রাকচালক রাসেল বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বিভিন্ন জায়গায় আয়না লাগানো হয়েছে। যাওয়ার সময় আয়নার দিকে তাকালে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসছে কি না, তা দেখা যায়। এতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। গাড়ি আসছে কি না বুঝতে পারলে আমরা সে অনুযায়ী বাঁক নিতে পারি। সড়কে এ আয়নাগুলো চালকদের জন্য খুবই উপকারী।’

বাসচালক সোহেল মোল্লা বলেন, ‘আগে বাঁকে গেলে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না, অনেক সময় বোঝা যেত না।
এখন বাঁকের কাছে এসে আয়নায় দেখে আগেই ধারণা পাওয়া যায়। আয়না স্থাপন করায় চালকদের অনেক উপকার হয়েছে।’

তবে চালকেরা অভিযোগ করে বলেন, ‘মহাসড়কের কিছু অংশে বিটুমিনের স্তর বেশি থাকায় বৃষ্টির সময় সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এতে গাড়ি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। বিশেষ করে হঠাৎ ব্রেক করলে গাড়ি স্লিপ করে কয়েক হাত দূরে চলে যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।’

এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০টি মেটালিক আয়না বসানো হয়েছে। বাঁকে দৃষ্টিসীমা কম থাকায় চালকেরা যাতে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগেই দেখতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফল পাওয়া গেলে দুর্ঘটনাপ্রবণ অন্যান্য বাঁকেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সড়কে বিটুমিনের কারণে বৃষ্টির সময় যানবাহন স্লিপ করার বিষয়ে তিনি বলেন, আমরা বেশ কিছু জায়গা চিহ্নিত করেছি। সেখানে গ্র্যাভেল বা গুঁড়ি পাথর ব্যবহার করা হবে। এতে সড়কের পিচ্ছিলতা কমবে এবং যানবাহন স্লিপ করার ঝুঁকিও কমবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram