

বাঙালি সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ অনারারি ডক্টরেট (সম্মানসূচক পিএইচডি) ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসিবুর রেজা কল্লোল।
গ্রীসের শ্যানিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তাকে ‘অনারারি ডক্টর অব ফিলোসফি’ ডিগ্রি দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তার এ প্রাপ্তিতে দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজনেরা অভিনন্দন জানিয়েছেন।
এ সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় হাসিবুর রেজা কল্লোল বলেন, সংস্কৃতি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের প্রসারে তিনি আজীবন কাজ করে যেতে চান। একই সঙ্গে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় পুনঃব্যক্ত করেন।
জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র ‘সত্তা’ পরিচালনা করে তিনি ব্যাপক প্রশংসা ও পরিচিতি লাভ করেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও তার কর্মজীবনে অসংখ্য টেলিভিশন নাটক, তথ্যচিত্র ও নানামুখী সৃজনশীল প্রযোজনা রয়েছে।
কল্লোল এর আগে আমেরিকার সেডারব্রুক বিশ্ববিদ্যালয় থেকে তার কাজের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তিনি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করছেন।
