

যশোর প্রতিনিধি: রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
১২ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত এ মেলায় দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ৭৩টির বেশি বিশ্ববিদ্যালয় এবং শত শত গবেষক ও উদ্ভাবক অংশ নেন। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় উদ্ভাবনী গবেষণা, আধুনিক প্রযুক্তি ও বাস্তবমুখী প্রয়োগের ওপর বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়।
যবিপ্রবির পক্ষ থেকে পরিবেশবিদ্যা, কৃষি প্রযুক্তি, মাইক্রোবায়োলজি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ের গবেষণালব্ধ উদ্ভাবন প্রদর্শন করা হয়। এর মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের পরিচালিত ‘ন্যানো ইউরিয়া’ গবেষণা প্রকল্প দর্শনার্থী ও গবেষকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
প্রচলিত ইউরিয়ার বিকল্প হিসেবে ন্যানো ইউরিয়ার সম্ভাবনা, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং আমদানিনির্ভরতা হ্রাসে এর কার্যকারিতা নিয়ে মেলায় আগ্রহ দেখান সংশ্লিষ্টরা।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম ও গবেষণার স্বীকৃতি হিসেবে এ অর্জন বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাতীয় পর্যায়ে এ সাফল্য প্রমাণ করে যবিপ্রবির তরুণ গবেষকেরা দেশের ভবিষ্যৎ প্রযুক্তিগত চাহিদা পূরণে সক্ষম। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানান।
মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যবিপ্রবি প্রতিনিধি দলের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
