

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, অপরাধীদের ব্যাপারে পুলিশ কোনো ছাড় দেবে না। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল ও অপরাধপ্রবণতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক ও সমাজের সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলার তুড়ুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক ও কিশোর অপরাধবিরোধী বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্দা থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের মূল অন্তরায় মাদক ও কিশোর অপরাধ। তরুণ প্রজন্মকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষক এবং সমাজের প্রতিটি স্তরের সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের ব্যাপারে পুলিশ কোনো ছাড় দেবে না।”
তিনি বলেন, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
