

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ির পাশে গলিতে দুর্বৃত্তদের হাতে অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণালংকার ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে উপজেলা সদরের দুলালপাড়ায় নিজ বাড়ির পাশে গলিতে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত শুনিল চন্দ্র দত্তের ছেলে এবং মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্স এর স্বত্বাধিকারী।
অলিফের ছোট ভাই প্রশান্ত চন্দ্র জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা হন অলিফ। বাড়ির পাশে গলিতে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় তার কাছে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও দোকানের হিসাব-নিকাশের খাতাপত্র নিয়ে পালিয়ে যায় তারা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন অলিফ। পরে তার আরেক ভাই তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা গ্রহণে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
