

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে রিফাত হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত রিফাত হোসেন উপজেলার জয়রামপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
প্রতিবেশীরা জানান, রিফাত প্রতিদিনের ন্যায় রাতে তার রুমে ঘুমায়। কিন্তু রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ কামড় দিলে প্রথমে পরিবারের লোকজন গুরুত্ব দেয়নি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে ভোর রাতে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ‘ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
