

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং প্রত্যেক শিশু যেন মানসম্মত শিক্ষা পায়, এ দুটি লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণি কার্যক্রম, শেখার অগ্রগতি ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে।
শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে থেকে প্রশিক্ষণ নেওয়ার কারণে যেন শিক্ষক সংকট তৈরি না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মূল্যায়নভিত্তিক পদোন্নতি, নতুন বদলি নীতি ও শিক্ষকদের পেশাগত উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষক সংকট নিরসনে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিশ্চিত করার কাজ এগিয়ে চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বিদ্যালয়ে নাইটগার্ড ও এমএলএসএসসহ প্রয়োজনীয় জনবল দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।
দুর্গম এলাকার শিক্ষকদের সুবিধা নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক দুর্গম ভাতা এবং নদী ভাঙন প্রবণ এলাকায় বারবার স্থানান্তরের ঝুঁকিতে থাকা বিদ্যালয়ের জন্য স্থানান্তরযোগ্য অবকাঠামোর মডেল নিয়ে কাজ করার কথাও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
কর্মশালায় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ আসনর সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন।
কর্মশালায় জেলার ৬১৯টি স্কুল ফিডিং কর্মসূচি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন।
