

রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে অবৈধভাবে সার মজুদের দায়ে 'অরিন ট্রেডার্স'-এর মালিক খায়রুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের অপরাধে এ দণ্ড প্রদান করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সংকটময় পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুরের এনডিসি আবু সিহাব মো. ইনতিয়াজ এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোলেদা খাতুন মীম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর ইসলাম।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিমসহ পুলিশের একটি দল।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে ওই গুদামে অবৈধভাবে সার মজুদ রাখার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে মালিককে সাজা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, জব্দকৃত অবৈধ সার নিয়মানুযায়ী উপস্থিত কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
