

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার কর্তৃক দুই শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাংশ।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন, গত ২৭ জুলাই রাকসু ও ছাত্রশিবিরের নেতৃত্বে আনাস আহমেদ ও আবুল হাসানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ওই দুই শিক্ষার্থী জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন এবং এ বিষয়ে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে এসব তথ্য-প্রমাণ তুলে ধরেন ছাত্রদল নেতারা।
মামলায় প্রধান আসামি করা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমাকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে রাকসু ভবনে হামলার দায়ে মামলা করেছে। তবে বিষয়টি হলো আমরা রাকসু ভবনে যায়ই নি। আমারা বিজয় ২৪ হলে খাওয়ার উদ্দেশ্যে রাকসুর সামনের পথ ধরে যাচ্ছিলাম। তখন সে অতর্কিত হামলা করে।
তিনি আরোও বলেন, ৫ আগষ্টের পরে যেখানে মসজিদের ইমাম পালিয়ে গিয়েছিল। কিন্তু আমি ক্যাম্পাসে টানা দুই বছর ক্লাস করেছি। আমি যদি ছাত্রলীগ হতাম তাহলে আমি ক্যাম্পাসে প্রবেশ করতে পারতাম না।
মূলত তারা মব কালচার বৈধতা দেওয়ার জন্যই যাকে তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দিচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় তারা, আমার মতো, অন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎও নষ্ট করতে পারে একই পদ্ধতির মাধ্যমে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজহার বলেন, আনাস ভাইকে একটি ছবির মাধ্যমে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু আমাকে কীসের ভিত্তিতে ছাত্রলীগ বলা হচ্ছে? আমি তো ৫ আগস্টের পরে ক্যাম্পাসে এসেছি। মিথ্যা মামলায় ২২ দিন জেল খেটেছি। আমি তামিরুল মিল্লাতের শিক্ষার্থী। আমার বা আমার পরিবারের কারও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ দিতে পারলে আমি নাকে খড় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব।
উল্লেখ্য, গত ২৭ জুলাই রাকসু ও ছাত্রশিবিরের নেতৃত্বে আনাস আহমেদ ও আবুল হাসানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে।
