

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণের পর শিকলবন্দী করে রাখা নিলয় শিকদার (৩৫) নামে এক যুবককে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মো. ফেরদৌস উর রহমান (৪২), মহুয়া আহমেদ (৩২) ও এস এম মনোয়ার (৩৬)।
আজ রবিবার (১৬ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র্যাব-১০-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিলয়কে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে একটি কক্ষে শিকল দিয়ে আটকে রাখা হয়। পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার বিকাশের মাধ্যমে সাড়ে চার লাখ টাকা পরিশোধ করলেও আরও পাঁচ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
এ ঘটনায় নিলয়ের শ্বশুর কাঠালিয়া থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে ১৫ জুলাই রাতে ফরিদপুরের চর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে শিকলবন্দী অবস্থায় নিলয়কে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার শিকল, দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি ধারালো চাকু ও ছয়টি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
