

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহারাজপুর ফিল্ডেরহাট এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হাসিব মহারাজপুর ফিল্ডেরহাট গ্রামের আব্দুল বাশিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, হাসিব তার আরও দুই বন্ধুকে নিয়ে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে হাসিব নিখোঁজ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
