

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টু (৩৮) আটক হয়েছেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে কোস্ট গার্ড সদস্যরা হোয়ানক কেরুনতলী এলাকার দুর্গম পাহাড়ে অবস্থিত মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সেখান থেকে ৫টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে বাহিনীর প্রধান ইমাম হোসেন মিন্টুকে আটক করা হয়।
আটক মিন্টু মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার বাসিন্দা। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ‘মিন্টু বাহিনী’র নেতৃত্ব দিয়ে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৫টি ফৌজদারি মামলা রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে মহেশখালীর পাহাড়ি এলাকায় সক্রিয় সন্ত্রাসী চক্রগুলোর বিরুদ্ধে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে।
