

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে মহাদেবপুর থানার পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত রবিবার রাতে ছেলে মুক্তার হোসেনসহ তিনজন একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। ভোর রাত ৪ টার দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা এসে খাটের উপর স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পায়। নিহত লোকমান মন্ডল দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের ছেলে মুক্তার হোসেন পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর চাকুরী করেন। সে বাবা-মায়ের সাথে একই বাড়িতে বসবাস করেন। ছেলে মুক্তার হোসেন মাদকদ্রব্য সেবনসহ অনলাইন জুয়ায় আসক্ত হওয়ায় টাকার জন্য বাবা-মার সঙ্গে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হতো।
নিহতের ছেলে মুক্তার হোসেন জানান, রাত ৪ টার দিকে টয়লেট সেরে যাওয়ার সময় বাবা-মায়ের ঘরের দরজা খোলা দেখে ভিতরে লাইট মেরে দেখি খাট থেকে বাবার পা ঝুলে আছে। ঘরের ভিতরে গিয়ে তাদেরকে ডাক দিলে কোন সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের মাধ্যমে বিষাক্ত কিছু শরীরে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
