

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি।
সোমবার দুপুরে উপজেলার সীমান্তের পাথরের চর এলাকার ৩০টি পরিবারকে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ৫ কেজি চাউল, দুই কেজি মশুরের ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, হাফ কেজি লবণ, সেলাইন ৫ প্যাকেট, এক প্যাকেট মমবাতি, একটি গ্যাস লাইট ও মুড়ি এক কেজি বিতরণ করা হয়।
এসময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙন কবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বিজিবি সব সময় মানুষের পাশে আছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যেটুকু পেরেছি নদী ভাঙন কবলীত মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি। এখানে ৩০টি পরিবার জিঞ্জিরাম নদী ভাঙনে বসত বাড়ি হাড়িয়েছে তাদের মধ্যে কিছুটা সহয়তা করা হয়েছে।
