

টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, আগারগাঁও, উত্তরা, দিয়াবাড়ি, মোহাম্মদপুরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে নাগরিক চলাচলে সাময়িক দুর্ভোগের সৃষ্টি হয়।
জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ড্রেন ও বক্স কালভার্টের মুখে জমে থাকা বর্জ্য অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে।
চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বিভিন্ন স্থানে চলমান পানি নিষ্কাশন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে পানি অপসারণ এবং নাগরিক ভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট টিমগুলো মাঠে থেকে নিরলসভাবে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি নগরবাসীকেও ড্রেন, খাল ও নালায় বর্জ্য না ফেলে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান।
