

শেরপুর প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তন-আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল দাস প্রমুখ।
বক্তারা প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন। আলোচনা শেষে অনুষ্ঠান শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
