

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার নিয়োগ ও পরিচালনা নীতিমালা-২০২৫-এর পরিপন্থীভাবে ২০২৬ সালের জুন মাসে মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার এবং তদন্তে যোগ্য প্রমাণিত ডিলারদের চুক্তি নবায়নের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন টিসিবির ডিলাররা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
আজ মঙ্গলবার বেলা ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার ৭৩ টিসিবি ডিলার।
এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে টিসিবির পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আসলেও হঠাৎ করেই জুন ২০২৬-এ মেয়াদ শেষ হওয়া ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার সিদ্ধান্তে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যান ডিলাররা। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে টিসিবি ডিলার নিয়োগ ও পরিচালনা নীতিমালা-২০২৫ অনুযায়ী তদন্তে যোগ্য বিবেচিত ডিলারদের দ্রুত পুনঃনবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়। টিসিবির ডিলার ব্যবস্থাপনা নীতিমালা ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিধান উল্লেখ রয়েছে।
আন্দোলনরত ডিলাররা বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশের টিসিবি ডিলারদের সমন্বয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
