

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে এতিমখানার অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক প্রদান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ এবং হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়কের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। এর আগে তিনি উপজেলা সভাকক্ষে উপজেলা মাসিক ও আইন-শৃঙ্খলা সভা করেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক ও শুকনা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত মোট ১ হাজার ৪৬০ মিটার এইচবিবি সড়কের উদ্বোধন করা হয়।
একই অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত ক্যাপিটেশন গ্র্যান্ট কর্মসূচির আওতায় উপজেলার ২৭টি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ৬১ লাখ ৬৮ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসিস্টিভ ডিভাইস হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরকারের উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আখতারুজ্জামান মিয়া বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, এতিম শিশুদের শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন—এসবই সরকারের অগ্রাধিকার। তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ চলছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস; খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন; উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম; উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার; উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী; জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন; বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
