

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণ শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দেন।
রবিবার (১৪ জুন) সকালে অষ্টগ্রাম থানায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র থানায় জমা দেন।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আইন মেনে চলতে হবে। অস্ত্র নয়, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।" তিনি আরও বলেন, যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়েছেন, তারা অবশ্যই প্রশংসার দাবিদার।
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, অষ্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। অপরাধ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে পুলিশ তৎপর ভূমিকা পালন করছে। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়েছেন তিনি তাদের ধন্যবাদ জানান।
