

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Hakan Fidan। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালীসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন।
এর আগে দুপুরে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে বিকেল ৪টার দিকে তিনি সরাসরি উখিয়ার Balukhali Rohingya Camp-এ যান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব-১৫ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
