

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল চর সুঙ্গর এলাকায় পরিত্যক্ত গাড়ির টায়ার ও রাবারজাত বর্জ্য পুড়িয়ে জ্বালানি তেল ও কার্বন উৎপাদনের অভিযোগ উঠেছে। আবাসিক এলাকার পাশেই কৃষিজমিতে গড়ে ওঠা এ অবৈধ কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।
স্থানীয়রা জানান, দিনের পাশাপাশি গভীর রাতেও কারখানাটিতে টায়ার পোড়ানো হয়। এতে বাতাস ভারী হয়ে ওঠে, শ্বাস নিতে কষ্ট হয় এবং শিশু ও বৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। অনেকের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ব্যথা ও চর্মরোগের উপসর্গ দেখা দিয়েছে।
এক বাসিন্দা বলেন, “রাতে ধোঁয়া এত বেশি থাকে যে ঘরের ভেতরেও থাকা যায় না। দরজা-জানালা বন্ধ করেও রেহাই নেই।”
আরেকজন অভিযোগ করেন, “কৃষিজমির মাঝখানে এই কারখানা হওয়ায় ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে দ্রুত এ ধরনের পরিবেশ দূষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
