ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৬

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া শাখার আয়োজনে এমপি ও প্রশাসককে সংবর্ধনা

বগুড়ার খ্রীষ্টান সম্প্রদায়ের উদ্যোগে এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বগুড়া ওয়াইএমসিএ'র পল বেসরা অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি বিশ্বনাথ জর্জ তিগ্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পবিত্র প্রামানিকের তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের মহাসচিব (ভারপ্রাপ্ত) জুয়েল আন্তনি চৌধুরী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন খ্রীষ্টিয় মণ্ডলীর ধর্মীয় নেতা, সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, যুব প্রতিনিধি ও খ্রীষ্টান সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অতিথিদের বগুড়া ওয়াইএমসিএ'র পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সকলের। তিনি জনকল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা সুদসহ ঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও খ্রিস্টান চার্চের যাজকদের বিশেষ সন্মানি ভাতা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, জনগণ ইতোমধ্যে এসব কর্মসূচির সুফল পেতে শুরু করেছে।

প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। বগুড়ার সার্বিক উন্নয়ন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বগুড়া ওয়াইএমসিএ'র নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, খ্রীষ্টান সম্প্রদায়ের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের সুসম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রশাসক উপস্থিত সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় মাইকেল আশের বেসরার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী মেহেরুন নেছা মেরী, চাঁদ শিরি সুলতানা, আস্তারী রহমানসহ বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram