

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্যের পিএকে মারধরের মামলায় দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক দুই ভাই হলো আতাউর রহমান (৩৫) ও রেজাউল করিম (২৪)। তারা উভয়ই উলিপুর উপজেলাধীন রসুলপুর তবকপুর এলাকার আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান শনিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী নিয়ে সিএনজি যোগে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি উপজেলার মাটিকাটামোড়ে যানজটে পড়লে পিএ সানাউল্লাহ সরকার গাড়ি থেকে নেমে অটোরিক্সায় থাকা দুই যুবকের রিক্সাকে সাইড দিতে বলেন। এসময় সাইড নিয়ে তাদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকদ্বন্দ্বের এক পর্যায়ে তারা এমপি'র পিএ এর উপর হামলা করে। পরে অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ অভিযুক্ত দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে।
এমপি’র পিএ মো.সানাউল্লাহ সরকার বলেন, এমপি’র মিটিং ছিল কুড়িগ্রামে তাই আমরা চিলমারী থেকে সন্ধ্যায় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে মাটিকাটায় যানজট দেখে আমি নেমে যানজট নিরসনের চেষ্টা করার সময় দুই যুবক আমাদের উপর ক্ষিপ্ত হয়। আমি তা থামাতে গেলে তারা আমার উপর হামলা চালিয়ে মারধর করে। এসময় তারা আমাদের দলীয় এক ব্যাক্তিকে ঘুষি মেরে তার দাঁত ফেলে দেয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
