

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১৪ মে) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ডায়গনস্টিক সেন্টার সিলগালা এবং লাইসেন্স নবায়ন না থাকায় আরো একটি ডায়গনস্টিক সেন্টারে জরিমানা করেছে। অভিযানের খবর পেয়ে অনেক ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় দায়িত্বে থাকা লোকজন।
লাইসেন্স না থাকায় গৌরীপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনস্টিক সেন্টার রয়েছে। বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোডে মা প্যাথলজী ল্যাবরেটরিতে অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া লাইসেন্স না থাকায় পৌর শহরের হাসপাতাল রোডস্থ সেবা ডায়গনস্টিক সেন্টার ও পৌর শহরের ধানমহাল এলাকায় গৌরীপুর ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের অন্যান্য ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে সরে যান দায়িত্বে থাকা লোকজন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, দুইটি ডায়গনস্টিক সিলগালা ও একটি ডায়গনস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে যেসব ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়েছে, পরবর্তীতে সময়ে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্সকর্তা ডাঃ দিবাকর ভাট।

