ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৩
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক হামের আক্রান্ত ৪ মাস ও ১০ মাস বয়সী ছেলে শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর একজন হচ্ছে জামালপুর সদর উপজেলার বাসিন্দা ও অপর শিশু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩১ জনের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুরের শিশুটি গত ১১ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১২ মে বিকেলে মারা যায়। অপরজন ঈশ্বরগঞ্জের শিশুটি গত ৫ মে সকালে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে ভোরে মারা যায়।

বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্র জানায়, হাম আক্রান্ত রোগীর চাপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৩ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram