

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এ বছরে সরকারি ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩শ ৮ মেট্রিক টন। এছাড়া সিদ্ধ চাল ১ হাজার ২শ ৩৪ মে. টন, আতপ চাল ২৮২ মে.টন এবং গম ৫৯ মে.টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় কাজিপুর খাদ্য গুদাম চত্বরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন আগামী ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, গুদাম কর্মকর্তা(ওসিএলএসডি) অলিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রবিউল হাসান প্রমুখ।

