

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: শিক্ষকদের পদোন্নতির আন্দোলনের মাঝে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ও অধ্যাপক পদোন্নতি প্রত্যাশী সহযোগী অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল।
রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ড. রাহাত। অন্যদিকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছারও সিন্ডিকেট সদস্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন দিয়েছেন উপাচার্য বরাবর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক আন্দোলন করে আসছেন গত ২১ এপ্রিল থেকে। শিক্ষদের অভিযোগ নানাসময়ে উপাচার্য আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি। উপাচার্য বলছেন সংবিধি প্রণয়ন না করে শিক্ষকদের পদোন্নতি দেয়া সম্ভব নয়।
আরও জানা গেছে, সংবিধি প্রণয়ন ছাড়া শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেটে এমন সিদ্ধান্তের পরই ফের উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। এরপরই আজ দুপুরে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত।
পদত্যাগের বিষয়ে সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, উপাচার্যের কার্যক্রমে তিনিসহ তার সহকর্মী শিক্ষক কর্মকর্তা সবাই হতাশ। উপাচার্য তাদের সবার হক নষ্ট করছেন বলে দাবি করেন তিনি। সার্বিক বিষয় নিয়ে উপাচার্যকে বারবার অনুরোধের পরও কোনো কাজ না হওয়ায় পদত্যাগ করছেন তিনি। শিক্ষকদের চলমান আন্দোলন কোনদিকে যাবে ক্লাস পরীক্ষা চলমান থাকবে কি না এবিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, "আমার কাছে এখনো পদত্যাগের কোনো চিঠি আসেনি। তবে প্রক্টর আমাকে মৌখিকভাবে আজ সকালে জানিয়েছিলেন তাকে অব্যাহতি দেয়ার জন্য।

