ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১১
logo
প্রকাশিত : মে ৯, ২০২৬

সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুটি আলোচনার টেবিলে আনতে চাইছে। ওয়াশিংটনের স্পষ্ট অবস্থান—তেহরানকে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার অনুমতি দেওয়া হবে না। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসতে নারাজ ইরান; তারা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখার ব্যাপারে অনড় রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তারা কোনও ছাড় দেবেন না। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার মার্কিন দাবি নাকচ করে দিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্থানীয় গণমাধ্যমকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা সব রণাঙ্গনে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাইছেন। তেহরান এই নিশ্চয়তা চায় যে, যুদ্ধ আর পুনরায় শুরু হবে না।

এছাড়া ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়েও কোনও আপস চলবে না, তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালিটি পুনরায় খুলে দিতে পারে।

সমৃদ্ধ ইউরেনিয়াম কী?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজে ঢুকিয়ে, পরমাণু ফিশনের জন্য সবচেয়ে উপযুক্ত আইসোটপটি আলাদা করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হয়। এটি ইউ -২৩৫ নামে পরিচিত।

স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়ামে, ইউ -২৩৫ এর ঘনত্ব সাধারণত ৩-৫% হয়। বাণিজ্যিকভাবে গড়ে ওঠা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় এই স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম, জ্বালানী উৎপাদনের কাজে ব্যবহার করা যেতে পারে।

সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব ২০% বা তার বেশি হতে পারে এবং এতো সমৃদ্ধ ইউরেনিয়াম গবেষণার চুল্লিগুলোয় ব্যবহৃত হয়। তবে অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম ৯০% বা তারও বেশি সমৃদ্ধ হতে হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram