ঢাকা
logo
প্রকাশিত : November 15, 2026

ন্যাটোতে যোগদানের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় তুলেছেন মার্কিন প্রতিনিধিরা— এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাবের কথা নিশ্চিত করা হয়নি। মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনো চুক্তির জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হবে। খবর বিবিসির।

শনিবার (১৪ নভেম্বর) নিজের কার্যালয় থেকে প্রকাশিত বক্তব্যে এ কথা জানান জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সম্প্রতি মার্কিন প্রতিনিধিরা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল— যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি তারা দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? এই প্রথম এমন প্রশ্ন তোলা হলো।’

তিনি আরও জানান, নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং পুনর্গঠনের জন্য অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হলে তা গণভোটে উপস্থাপন করবেন।

দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে কিয়েভ। তবে যুক্তরাষ্ট্রসহ জোটের কয়েকটি দেশ এ বিষয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে, নিজেদের সীমান্তে ন্যাটোর নতুন সদস্য রাষ্ট্র মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে আসছে মস্কো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দনবাসের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নন বলে বারবার জানিয়েছেন জেলেনস্কি।

শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে রাশিয়া। কিয়েভের আশঙ্কা, এসব শর্ত মানলে ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকানোর সক্ষমতা দুর্বল হয়ে পড়বে। ন্যাটোর অন্য সদস্যদের মধ্যেও ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনীহা রয়েছে। ইউক্রেনও বিষয়টিকে কঠিন বলে মনে করছে।

জেলেনস্কির অভিযোগ, মার্কিন মধ্যস্থতাকারীরা মনে করছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকেই শুধু ভূখণ্ড ছাড়তে হবে। দ্রুত চুক্তিতে পৌঁছাতে কিয়েভের ওপর চাপও দেওয়া হচ্ছে। তবে ইউক্রেনের আশঙ্কা, দনবাসের বাইরেও রাশিয়ার ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এ কারণে ন্যাটোর সদস্যপদকে নিজেদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ নিশ্চয়তা হিসেবে দেখে দেশটি।

এদিকে, জেলেনস্কির বক্তব্যের কয়েক ঘণ্টা পর মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার আলোচনার গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধে নতুন ধারণা খুঁজে বের করার লক্ষ্যে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা চলছে। এসব আলোচনা থেকে নতুন প্রস্তাব কিংবা অগ্রগতির পথ তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। এর মধ্যে দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বড় অংশ রয়েছে। ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার পাশাপাশি দনবাসের অবশিষ্ট এলাকাও ইউক্রেনের কাছ থেকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে মস্কো। চূড়ান্ত শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতিতেও রাজি নয় রাশিয়া।

আবুধাবিতে চলতি সপ্তাহে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ আলোচনায়ও দনবাসের ভবিষ্যৎ অন্যতম প্রধান ইস্যু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলা নিয়েও সম্প্রতি কিয়েভ ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাশিয়ার ডিজেল সরবরাহ সচল রাখতে এসব হামলা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর ইউক্রেনের প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহৃত স্টারলিংক ইন্টারনেট সেবা সীমিত করার জন্য মার্কিন কর্মকর্তাদের দায়ী করেন জেলেনস্কি। অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট ও নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন।

তবে সামরিক আইন জারি থাকায় দেশটিতে নির্বাচন স্থগিত রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি হলে কয়েক মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে রাজি তিনি। এমনকি ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে প্রেসিডেন্টের পদ ছাড়তেও প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের এই নেতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram