ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬

ঈশ্বরদীতে দুই বছরেও চালু হয়নি ৯ কোটি টাকার মার্কেট

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী পৌরসভার একটি নতুন মার্কেট উদ্বোধনের দুই বছর পরও চালু হয়নি। দোকান বরাদ্দ না হওয়ায় মার্কেটটি এখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। পৌর কর্তৃপক্ষ ২৩টি দোকান বরাদ্দের জন্য একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। ফলে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে মার্কেটটি এবং সম্ভাব্য বড় অঙ্কের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে পৌরসভা।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালের ২৯ আগস্ট শহরের স্টেশন রোডসংলগ্ন ‘পৌর সুপারমার্কেট-১’-এর পাশেই ‘পৌর সুপারমার্কেট-২’-এর নির্মাণকাজ শুরু হয়। আটতলা বিশিষ্ট এই মার্কেটের প্রথম তলার কাজ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা। মার্কেটটিতে ২৩টি দোকানের পাশাপাশি রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা।

জানা গেছে, পৌর সুপারমার্কেট-২-এর ২৩টি দোকান বরাদ্দ দেওয়ার জন্য স্থানীয় কয়েকটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে দোকানের আয়তন অনুযায়ী ৪৫, ৪০, ৩৫, ৩০, ২৫, ২৩, ২০ ও ১৮ লাখ টাকা অগ্রিম চাওয়া হয়। কিন্তু অগ্রিম জমার পরিমাণ বেশি হওয়ায় দোকান বরাদ্দ নিতে ক্ষুদ্র ব্যবসায়ীসহ অনেকেই দোকান নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আধুনিক নকশায় নির্মিত হলেও উচ্চ অগ্রিমের কারণে মার্কেটটি তাদের নাগালের বাইরে চলে গেছে। ফলে ইজারা নিতে কেউ আগ্রহী হচ্ছেন না।

পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান বলেন, “মার্কেটটির নির্মাণকাজ শেষ হওয়ার পরই দোকান বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। এতে পৌরসভার রাজস্ব আয়ের সম্ভাবনা ব্যাহত হচ্ছে।”

পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) জহুরুল ইসলাম জানান, ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে মার্কেটটি চালু করা সম্ভব হয়নি। তবে শিগগিরই আবারও বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, “আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram