ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৬

থানায় গিয়ে এনসিপির বিক্ষোভের মুখে আটক আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ভাড়াটিয়ার সঙ্গে বিরোধের জেরে থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়াটিয়ার সঙ্গে বিরোধের জেরে লিখিত অভিযোগ দিতে টঙ্গী পূর্ব থানায় আসেন শেখ বাদল আহমেদ। এ সময় তার সাথে ছিলেন বিদেশী (জার্মান নাগরিক) শেখ জেনেট। রাতে থানার ভেতরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার আলোচনা চলছিল।

এদিকে খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার প্রধান ফটকের বাইরে জড়ো হয়ে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা “থানায় থানায় লীগ ঘুরে, প্রশাসন কী করে” এবং “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”সহ বিভিন্ন স্লোগান দেন। এতে থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে এনসিপি নেতাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ বাদল আহমেদকে আটক দেখায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, বাদল আহমেদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক মঈন আহমেদ অভিযোগ করেন, বাদল আহমেদের বিরুদ্ধে বাগেরহাট জেলায় বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত এবং বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় দমন-পীড়নে উস্কানি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এলাকাবাসী ও এনসিপি নেতাদের অভিযোগ, জাভান হোটেলে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাদল আহমেদ এলাকার যুব সমাজকে বিপথগামী করেছেন। এ কারণেও তার বিচার দাবি করেন তারা।

থানা সূত্রে জানা যায়, জাভান হোটেলে মাদক কারবার ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাদল আহমেদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকলেও তিনি বর্তমানে সব মামলায় জামিনে রয়েছেন।

তবে, বিতর্কিত ওই ভাড়াটিয়া তার হোটেলটি দখল করতে এনসিপিকে ব্যবহার করে পরিকল্পিতভাবে তাকে আটক করিয়েছেন- এমন অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেখ বাদল আহমেদ জার্মান শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক (দুইবার) ছিলেন। এছাড়া তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভিপি, জার্মানির বার্লিনে অবস্থিত কানকুন ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান এবং জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram