

লোকমান হোসেন পলা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলমপুর, চন্ডিদ্বার এলাকায় নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানকালে আলমপুর গ্রামের জাহের মিয়ার ছেলে আবুল কালাম আজাদকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে দণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি ও আশপাশের অবকাঠামো হুমকির মুখে পড়ে। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
