ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯
logo
প্রকাশিত : মার্চ ২৯, ২০২৬

দিনের আলোতেই নিয়োগ, অন্ধকারের সুযোগ নেই: ঠাকুরগাঁও পুলিশ সুপার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা দিয়ে আসন্ন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে কঠোর অবস্থানের কথা জানালেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন। তাঁর ভাষায়, দিনের আলোতে নিয়োগ হবে, অন্ধকারে নয়—অর্থাৎ কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ নেই।

রোববার (২৯ মার্চ) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ–সংক্রান্ত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, জেলার কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী বা অভিভাবক যেন তদবির বা অর্থ লেনদেনের প্রলোভনে না পড়েন—সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। তদবির করলে বাদ পড়তে হবে। প্রয়োজনে আমি এখান থেকে চলে যাব, তবুও অনিয়মের সঙ্গে আপস করব না—দৃঢ় কণ্ঠে বলেন তিনি।

জ্বালানি তেল নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে বেলাল হোসেন বলেন, দেশে প্রকৃতপক্ষে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করে জারকিনে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছেন, যার ফলে বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, জেলায় বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে প্রায় এক লাখ বেকার রয়েছেন বলে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দুই বছরের মধ্যে শিল্প–কারখানা, বিমানবন্দর ও মেডিক্যাল কলেজ স্থাপনের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে শুধু জেলার নয়, বাইরের লোকজনেরও কর্মসংস্থান হবে।

কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী এবং এসআই রহমতুল্লাহ রনি।

সভায় বক্তারা সবাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram