

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল (কালিয়া) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে বিঘ্ন ও চাহিদা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই উপজেলার একমাত্র পেট্রোল পাম্প ‘মেসার্স কালিয়া ফিলিং স্টেশন’ এ মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষক, সাধারণ চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
কলাবাড়িয়া থেকে আসা কৃষক সমেদ শেখ জানান, স্থানীয় বাজারে বেশি দামে ডিজেল বিক্রি হওয়ায় বাধ্য হয়ে পাম্পে তেল নিতে এসেছেন।
অন্য এক কৃষক জাফর শেখ বলেন, সকাল থেকে ডিজেল নিতে পাম্পে দাড়িয়ে আছি এখন বলছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া তেল দেওয়া হবে না।
মোটরসাইকেল চালক উজ্জল মল্লিক বলেন, প্রশাসনের এই উদ্যোগ ভালো। এতে বৈধ কাগজপত্র থাকা যানবাহনই তেল পাবে এবং সংকট কিছুটা কমবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কাগজপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস পেট্রোল পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, সরবরাহকৃত তেলের পরিমাণ, মজুত ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বৈধ লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের ক্ষেত্রে সঠিক বণ্টন নিশ্চিত করতে এনআইডি প্রদর্শনের ভিত্তিতে তেল সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুত বা অতিরিক্ত সংগ্রহ ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকৃত ভোক্তাদের কাছে জ্বালানি পৌঁছে দিতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে এবং কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
