ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৮
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

সংবাদ প্রকাশের চাপেই নড়ল প্রশাসন, খানসামার বাজারগুলোতে অভিযানে জরিমানা

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সংবাদ প্রকাশের পরই টনক নড়েছে উপজেলা প্রশাসনের। দিনাজপুরের খানসামা উপজেলাতে রমজান মাসে বাজার মনিটরিং না থাকার অভিযোগে প্রকাশিত সংবাদের রেশ কাটতে না কাটতেই মাঠে নামে প্রশাসন।

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে ‘রমজানের সপ্তাহ পার হলেও খানসামায় নেই প্রশাসনের বাজার মনিটরিং’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। পরে প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদটি শেয়ার করলে স্থানীয় পর্যায়ে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।

এর প্রেক্ষিতে রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে একযোগে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্য বিক্রি ঠেকাতে পরিচালিত এই ভ্রাম্যমাণ অভিযানে অনিয়ম ধরা পড়ে একাধিক দোকানে। মূল্যতালিকা না টাঙানো ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির দায়ে ইউএনও ৩টি দোকানিকে ভোক্তা অধিকার আইনে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে এসিল্যান্ড ৪টি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি সড়ক পরিবহন আইনে হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে আদায় করা হয় আরও ৬০০ টাকা।

অভিযান শেষে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, “ভোক্তাদের স্বার্থে নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

হঠাৎ এই তৎপরতায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও তাদের দাবি স্পষ্ট—এমন নজরদারি যেন কেবল সংবাদে সীমাবদ্ধ না থাকে, নিয়মিতভাবেই বাজারে প্রশাসনের উপস্থিতি নিশ্চিত করা হোক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram