

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে মৌলভীবাজারের কমলগঞ্জে চালু হয়েছে ব্যতিক্রমী এক ‘বিনা লাভের বাজার’। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা-বেচায় কোনো মুনাফা না রেখে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করছেন একদল তরুণ। সুলভ মূল্যে এসব পণ্য কিনতে পেরে উচ্ছ্বসিত নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতারা।
উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে গত মঙ্গলবার থেকে এই মহতী উদ্যোগ চালু করেছেন আট বন্ধু—নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বাজার কার্যক্রম চলবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে বাজারটি ঘুরে দেখা যায়, সাধারণ বাজারের তুলনায় এখানে পণ্যের দামে বিশাল পার্থক্য রয়েছে।
বিনা লাভের বাজারে যেসব পণ্য বিক্রি করা হচ্ছে, আপেল প্রতি কেজি ২৫০ টাকা, মাল্টা কেজি ৩০০ টাকা, দেশি পেঁয়াজ কেজি ৩৫ টাকা, দেশি রসুন কেজি ৬০ টাকা, চানা কেজি ৮০ টাকা, মশুরি ডালের কেজি ৮৫ টাকা, চানার ডাল কেজি ৫৮ টাকা, সেমাই ৩৮ টাকা, আলু কেজি ১৫ টাকা, শসা কেজি ৫৫ টাকা, গাজর কেজি ৩০ টাকা, ধনিয়া পাতা কেজি ৩০ টাকা, কাচা মরিচ কেজি ১৩০ টাকা, আলু ২ কেজি ২৫ টাকা।
বাজার থেকে সওদা করতে আসা নজমুল ইসলাম বলেন, "বাজারে কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা কেজি, কিন্তু এখান থেকে ১৩০ টাকায় কিনলাম। ধনিয়া পাতা ও আলুর দামও বাজারের চেয়ে অর্ধেক। এই দুর্দিনের বাজারে এখান থেকে কেনাকাটা করে আমার বেশ কিছু টাকা সাশ্রয় হয়েছে।"
উদ্যোক্তাদের পক্ষ থেকে ফাহিম, সানি ও সাকি বলেন, "রমজান এলেই আমাদের দেশে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট আমাদের ব্যথিত করে। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা কোনো লাভ ছাড়াই পাইকারি মূল্যে পণ্য ক্রেতাদের হাতে তুলে দিচ্ছি।"
স্থানীয়রা মনে করছেন, এই তরুণদের এমন মহতী উদ্যোগ সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের জন্য একটি বড় দৃষ্টান্ত হতে পারে।

